হোম > সারা দেশ > নওগাঁ

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

সুমন আলী, নওগাঁ

খেত থেকে আলু তুলছেন চাষি পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

পাড়া-মহল্লার টংদোকানে এক কাপ লাল চায়ের দাম ৫ থেকে ৭ টাকা। আর নওগাঁয় পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে একই দরে—৫ থেকে ৭ টাকা কেজি। অর্থাৎ এক কাপ চায়ের দামে মিলছে এক কেজি আলু। এতে চরম লোকসানে পড়েছেন জেলার কৃষকেরা।

গত কয়েক মৌসুম ধরে আলু চাষে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকেরা। মাঠ থেকে পাইকারি বাজার—সব জায়গায় আলুর দামে ধস নেমেছে। কম দামে আলু কিনে স্বস্তিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তবে উৎপাদন খরচ না ওঠায় হতাশ কৃষকেরা।

কৃষকদের ভাষ্য, এ বছর প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২ থেকে ১৫ টাকা। বীজ, সার, সেচ ও কীটনাশকে ব্যয় বেড়েছে। অথচ জাতভেদে আলু বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা কেজিতে। হিমাগারের ভাড়া দ্বিগুণ হওয়ায় সংরক্ষণ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।

সদর উপজেলার বক্তারপুর এলাকার কৃষক লুৎফর রহমান বলেন, ‘গত মৌসুমেও লোকসান হয়েছিল। ক্ষতি পুষিয়ে নিতে ঋণ করে দুই বিঘা জমিতে আলু চাষ করি। এবারও খরচ উঠবে না।’

আলু বিক্রির জন্য জমা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বদলগাছী উপজেলার বালুভরা এলাকার মিজানুর রহমান বলেন, ‘প্রতি বিঘায় খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। আলু তুলতে শ্রমিকপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা দিতে হচ্ছে। এক বিঘা জমিতে ৮ থেকে ১০ জন শ্রমিক লাগে। পরিবহন খরচও আছে। বর্তমান দামে বিক্রি করে শ্রমিকের টাকাও ওঠে না।’

মান্দা উপজেলার মৈনম এলাকার কৃষক ইদ্রিস উদ্দিন জানান, ১২ বিঘা জমিতে আলু চাষ করেছেন। কিন্তু দাম না থাকায় বিক্রি ও সংরক্ষণ—দুই ক্ষেত্রেই সমস্যায় পড়েছেন।

রাণীনগর উপজেলার মিরাট এলাকার বাচ্চু মণ্ডল বলেন, ‘২০-২২ বছর ধরে আলু চাষ করছি। এমন কম দামে কখনো বিক্রি করিনি। আগামী বছর অন্য ফসলের কথা ভাবছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ৯৭০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭৪ হাজার ৩৩০ টন। গত মৌসুমে ২৫ হাজার ৯৪০ হেক্টর জমিতে চাষ হয়েছিল এবং উৎপাদন হয় ৫ লাখ ১৪ হাজার ৩৬০ টন। সে হিসাবে আবাদ কমেছে ৩ হাজার ৯৭০ হেক্টর এবং উৎপাদন কমেছে ৪০ হাজার ৩০ টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, ‘গত মৌসুমে লোকসানের পর কৃষকদের কম জমিতে আলু চাষের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অনেকেই চাষ করেছেন। উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, সে কারণেই দাম কমেছে।’

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

পুকুরে মরে ভেসে উঠেছে সব মাছ, দিশেহারা মাছচাষি

বদলগাছীতে আগুনে পুড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ধামইরহাটে বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, দিশেহারা কৃষক

বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নওগাঁয় ৯ যুবকের দাফন সম্পন্ন, শোকাতুর তিন গ্রাম

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১০ জনই মান্দার বাসিন্দা

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

নওগাঁয় আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪

মান্দায় ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি, অপসারণ দাবিতে মানববন্ধন