হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁ সদরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো উপজেলার হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) ও যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম কানমটকাই মধ্যপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে শিশু নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে দুজন ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবায় শিশু দুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।