নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের মধ্যে পড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হান্নান (৪১) নামের এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংকের জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন হান্নান। পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক আসে। একই সময় সড়কের বাম পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাক্টরে বালু তোলা হচ্ছিল।
এ অবস্থায় সামনে আসা ট্রাকের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান হান্নান। তাঁর মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন তিনি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।