হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকেরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন।

শ্রমিকেরা জানান, ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত আশিক কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বারবার বেতন পরিশোধের তারিখ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গতকাল রাত ১০টার দিকে শ্রমিকেরা কারখানার গেটের সামনে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, গত জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল ৩১ আগস্ট, কিন্তু নির্ধারিত সময়ে কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধে ব্যর্থ হয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে ৩১ আগস্ট থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে ৩ সেপ্টেম্বর (গতকাল) বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।

প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বকেয়া বেতন পরিশোধ না করায় সন্ধ্যা ৭টা থেকে শ্রমিকেরা আবারও কর্মবিরতি শুরু করেন। এরপর রাত ১০টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রাতেই পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয় গত জুলাই মাসের বকেয়া বেতন ৭ সেপ্টেম্বর এবং আগস্ট মাসের বকেয়া বেতন ১৭ সেপ্টেম্বর পরিশোধ করা হবে। শ্রমিকেরা এ সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে যোগদান করেন।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন ৭ সেপ্টেম্বর ও আগস্টের বকেয়া বেতন ১৭ সেপ্টেম্বর পরিশোধের সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।