হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আঠারবাড়ি ইউনিয়নের সরাতি গ্রামে আবুল মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। আজ বৃহস্পতিবার দুপুরে ক্ষুব্ধ স্থানীয় জনতা তাঁর বাড়ি ভাঙচুর করে সেখানে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সরাতি গ্রামের আবুল মিয়া (৫০) ও তাঁর ছেলে শাহ-আলম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কাজে আবুল মিয়ার স্ত্রী শাহানাও সহযোগিতা করেন।

মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দারা আরও জানান, তাঁদের কারণে এলাকার ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাঁদের নিষেধ করলেও তাঁরা তা শোনেননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে বাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাড়িতে আবুল মিয়ার পরিবারের কাউকে পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন জানান, আবুল মাদক কারবারের সঙ্গে জড়িত—এমন তথ্য রয়েছে। তবে বাড়িতে ভাঙচুরের ঘটনার বিষয়ে তাঁরা অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।