হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে স্টেশন রোডের সাহাবাড়ীর সামনের পুকুর পাড়ে একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গফরগাঁও ফায়ার সার্ভিস ও দোকানমালিকেরা জানান, পণ্ডিতপাড়ার জনি বেডিং স্টোরের তুলার গুদামে তুলা প্রক্রিয়াজাত করার মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় শর্টসার্কিট থেকে ফুলকি তুলায় লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় রনি ফোম, তাশারফ ওয়েল্ডিং, রঞ্জন কর্মকার ও বাঞ্ছারামের মাটির হাঁড়ি-পাতিলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত তুলার দোকানমালিক আলমগীর কবির, সোহেল ও রনি জানায়, অগ্নিকাণ্ডে তাঁদের ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’