হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুরে কৃষকের মরদেহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গতিয়ার বাজার এলাকার ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার ভোর ছয়টার দিকে বাড়ির পাশে তালগাছের নিচে তাল কুড়ানোর কথা বলে আব্দুল মালেক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

আজ বুধবার সকালে পরিবারের সদস্যরা আবার আব্দুল মালেককে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর ছেলে সুজন পরিত্যক্ত পুকুরের পানিতে বাবার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. আকরাম হোসেন বলেন, ‘আজ সকালে চাচার মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

ভালুকা মডেল থানার উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’