ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫-এ। বুধবার (৩ জুন) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মৃত ছয় মাস বয়সী শিশু গত ২৬ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা।
গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬৭৭ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৯ শিশু। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০৫ শিশু।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, ‘আমাদের অনেক অভিভাবক সচেতন নন। তাই শিশু জ্বর-সর্দি এবং হাঁচি-কাশিতে আক্রান্ত হলে বাড়িতে রেখে নিজেরাই চিকিৎসা করান। যার ফলে শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তাই শিশু অসুস্থ হলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত।’