বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে। কৃষি ব্যাংকের প্রতিটি শাখা প্রতিটি উপজেলায় সে লক্ষ্যে কাজ করছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার সকালে নগরের টাউন হল মুক্তমঞ্চে আলোচনা শেষে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের দায়িত্ব সরকার তিনটি ব্যাংককে দিয়েছে, এর মধ্যে একটি কৃষি ব্যাংক। এটি আমাদের জন্য সরকারের একটি স্বীকৃতি। আমরা যে তা করতে পারি, তার প্রমাণ। কিউআর কোডে আমরা অগ্রসর হচ্ছি। লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে।’
পরে তারেক স্মৃতি অডিটরিয়ামে বিভাগীয় সম্মেলনে শতভাগ সেবা নিশ্চিত করে সঠিক দায়িত্ব পালনে ব্যাংকারদের নির্দেশনা দেন তিনি।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধানসহ অনেকে।