ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ রাতে তিনি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’