মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ছয় নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন।
স্থানীয়রা জানান, ভোরে বকশিটিলা সীমান্ত দিয়ে এক শিশু ও ছয় নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁরা দাবি করেন, ভারতের একটি কারাগারে তাঁরা প্রায় ২৫ দিন আটক ছিলেন এবং ভোরে চোখ বেঁধে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
স্থানীয় জহির আহমেদ বলেন, ‘আমি নিজেই তাদের আটক করি এবং ইউপি সদস্যকে জানাই। পরে থানায় খবর দিলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বলে। এরপর মেম্বার ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের সিএনজিতে তুলে দেওয়া হয়।’
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, ‘বিষয়টি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে জানা গেছে, তারা বাংলাদেশি এবং ঢাকার সাভারের বাসিন্দা।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা দিয়ে এক শিশুসহ ছয় নারী সীমান্ত পার হয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরে তাঁদের খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।