মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর এবং দুটি কুকরি চাপাতি।
বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৩টার দিকে কিছু দুষ্কৃতকারীকে চ্যালেঞ্জ করা হলে তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান থেকে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল নাইনটি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার ও দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।