হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের দুই ভাই রুবেল মিয়া ও রুমান মিয়াকে ফাঁসির আদেশ এবং অপরাধে সহায়তাকারী অপর দুজন আসামি একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিজ্ঞ বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মো. আজিজুল মিয়া এলাকার একজন সালিস বিচারক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৩ সালে একটি গ্রাম্য সালিস বিচারকে কেন্দ্র করে আসামিপক্ষ অসন্তুষ্ট হয়ে সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।

এই মামলায় আরও ৪ জন আসামি ঘটনার সঙ্গে জড়িত না থাকায় নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত খালাস দেন।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকৃত আসামিদের দণ্ড প্রদানে বাদীপক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বেড়েছে। অপরাধীরা বুঝতে পারবে যে অপরাধ করে আইনি সাজা থেকে রেহাই পাওয়া যায় না। মামলার বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।