হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে চা-বাগান থেকে বিষধর খৈয়া গোখরা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে উদ্ধার করা অতি বিষধর ‘খৈয়া গোখরা’। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে একটি অতি বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাগানের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুড়ভুড়িয়া চা-বাগানে পাতা তোলার সময় শ্রমিকেরা হঠাৎ বিষধর সাপটিকে দেখতে পান। এ সময় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে বিষয়টি বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

সংবাদ পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

তারা জানান, উদ্ধার হওয়া সাপটি একটি খৈয়া গোখরা, যা অত্যন্ত বিষধর প্রজাতির। পরবর্তীকালে উদ্ধার করা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম জানান, হস্তান্তর করা খৈয়া গোখরা সাপটিকে শিগগিরই উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।