হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জ থানা, মৌলভীবাজার। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার-মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। দুর্ঘটনায় আহতরা হলেন— হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং অটোরিকশাচালক শুভ চন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর স্থানে বিপরীতমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তরুণী রুমালি।

দুর্ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে হাফিজা বেগম ও নজির মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি আহতরা মৌলভীবাজারের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যান দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।