মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজা, ফেয়ারডিল সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার ধলার মাঠ ও মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় এসব অভিযান চালানো হয়।
আজ দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধলার মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, মথুরাপুর রিফিউজি পাড়ার মাঠ এলাকায় অভিযান চালায় কাজীপুর বিজিবির টহল দল। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।