হোম > সারা দেশ > মেহেরপুর

ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, মেহেরপুর থেকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সায়দুর মেহেরপুর সদর থানার পৌর কলেজপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০ জানায়, ভুক্তভোগীর বিবাহবিচ্ছেদের পর তাঁর সাবেক সহকর্মী সায়দুর রহমানসহ অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করতেন। একপর্যায়ে তাঁরা ভুক্তভোগীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল, অর্থ দাবি এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া ভুক্তভোগীর নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং তাঁর অন্তরঙ্গ ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

র‍্যাব জানায়, গত ৪ জুন ভুক্তভোগী নিজের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর নামে মিথ্যা বক্তব্য প্রচারের বিষয়টি দেখতে পান। পরে তিনি সাতক্ষীরার শ্যামনগর থানায় সায়দুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচন পত্রের পর র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল র‌্যাব-১২-এর সহযোগিতায় মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়দুরকে গ্রেপ্তার করে।