হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ফুটেছে বিরল প্রজাতির পাখি ফুল

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর 

সবুজ পাতার আড়ালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে রয়েছে ফুলগুলো। দেখতে অনেকটা পাখির মতো। তবে এই পাখি পক্ষীকুলের পাখি নয়, এটি একটি ফুলের নাম। মানিকগঞ্জের হরিরামপুরের তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদের বাগানে ফুটেছে বিরল এই ফুল। 

পাখি ফুল আমাদের দেশে বেশ দুর্লভ। বর্তমানে ঢাকার রমনা পার্ক, শিশু একাডেমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, রাজশাহী কলেজ ক্যাম্পাস, মহেশখালীর আদিনাথ মন্দিরসহ চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলোতেও রয়েছে এই গাছ। 

জানা যায়, পাখি ফুলের বৈজ্ঞানিক নাম (Brownea Coccinea)। জন্মস্থান ভেনেজুয়েলা। প্রচলিত নাম রোজ আব ভেনেজুয়েলা। প্রজাতিটি গায়ানা, ভেনেজুয়েলা, ব্রাজিল এবং ত্রিনিদাদ ও টোবাগোর স্থানীয় ফুল। এটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদ। এই ফুলের গাছ ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এ ছাড়া এই গাছ ঘন সবুজ পাতায় ঘেরা থাকে। বাইরে থেকে বোঝার উপায় থাকে না এটি ফুলের গাছ। গাছের নিচে গিয়ে দাঁড়ালে দেখা যাবে পাতার ভেতরে আগুনের মতো টকটকে লাল ফুল বাদুড়ের মতো ঝুলে আছে। এই ফুলের আয়তন সূর্যমুখী ফুলের কাছাকাছি। 

বাগানের মালিক তানভীর আহমেদ বলেন, ‘পাখি ফুল প্রথম দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে। তখন থেকেই এই গাছ সংগ্রহ করার প্রবল ইচ্ছে হয়। রমনা পার্কে এক দায়িত্বরত বড় ভাইয়ের মাধ্যমে প্রথম গাছ সংগ্রহ করি। পরে থাইল্যান্ড থেকে আরেক জাতের গাছ নিয়ে আসি।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ বলেন, ‘পাখি ফুলের বৈজ্ঞানিক নাম Brownea coccinea (ব্রাউনিয়া ককসিনিয়া)। এই গাছ Fabaceae পরিবারের। এর অন্যান্য নাম Scarlet Flame Bean, Mountain Rose, Rose of Venezuela, Cooper Hoop। বাংলাদেশে পাখি ফুলকে বিলাতি অশোকও বলা হয়। এর মাতৃদেশ লাতিন আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (west Indian Islands)। বিদেশি হলেও ইদানীং বাংলাদেশের কোথাও কোথাও এই ফুলের গাছ দেখা যায়। একেক দেশে এই গাছ একেক নামে পরিচিত। 

 
উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ আরও বলেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল দেখা যায়। অসম্ভব সুন্দর এই ফুলের কোনো গন্ধ নেই। কুঁড়ি অবস্থায় কদম ফুলের গুটির মতো আকার ধারণ করে থাকে। দ্বিতীয় পর্যায়ে এসে গুটি ফেটে রক্তজবা ফুলের মতো পৃথক ৩০ থেকে ৩৫টি কলি বেরিয়ে আসে। কিছুদিন পরে কলিগুলো একসঙ্গে ফেটে পাপড়ি বেরিয়ে আসে। পাখি ফুলের গাছ খুব ধীরে ধীরে বাড়ে।’ 

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়