হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চাকরি দেওয়ার নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নিলেন এনসিপি নেতা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাসে আড়াই লাখ টাকা নেওয়া ও ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে। চাকরিতে যোগ দিতে গিয়ে নিয়োগের তথ্য না পেয়ে টাকা ফেরত চাইলে হুমকি ও গালিগালাজের শিকার হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. তমাল। এ ঘটনায় গত শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর থানা ও এনসিপির জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযুক্ত আরিফুল ইসলাম মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল সরবরাহের কাজ পেয়েছে কেএসএফ ট্রেড লিমিটেড। কেএসএফ ট্রেড লিমিটেডের মানিকগঞ্জ জেলার দায়িত্বে রয়েছেন আরিফুল।

অভিযোগ অনুযায়ী, হাসপাতালটির আউটসোর্সিং সুপারভাইজার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তমালের কাছ থেকে জামানত হিসেবে আড়াই লাখ টাকা নেন আরিফুল। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিশিয়াল প্যাডে তমালকে একটি নিয়োগপত্রও দেওয়া হয়।

পরে ওই নিয়োগপত্র নিয়ে হাসপাতালে যোগ দিতে গেলে তমাল জানতে পারেন, তাঁর নামে কোনো নিয়োগ হয়নি। টাকা ফেরত চাইলে আরিফুল নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে চাকরি দেওয়া সম্ভব নয় বলেও জানানো হয়। টাকা ফেরত চাওয়ার পর গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তমাল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। যে কেউ অভিযোগ দিলেই তো হয় না। ঘটনার সত্যতা তদন্তে বেরিয়ে আসবে। এ সময় সংবাদটি প্রকাশ না করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন তিনি।

অভিযুক্ত আরিফুলের বাবা ও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আরিফুলের কি চাকরি দেওয়ার কোনো যোগ্যতা আছে? সে কীভাবে চাকরি দেবে? এ রকম কোনো বিষয় আমার জানা নেই। কোনো অভিযোগ থাকলে সেটি সে নিজেই দেখবে।’

কেএসএফ ট্রেড লিমিটেডের স্বত্বাধিকারী মো. শামীম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জে মহাসড়কে তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত

মানিকগঞ্জে সাড়ে চার কোটি টাকার তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন

শিবালয়ে দেড় কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

পলো দিয়ে মাছ ধরার ধুম

সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা, মানিকগঞ্জে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ

মানিকগঞ্জে ১৪ দিনে ১৫৭ অভিযান, তবু বন্ধ হচ্ছে না ইলিশ শিকার

দ্বন্দ্বে না জড়িয়ে মানুষের কল্যাণে কাজ করুন: খাদ্যমন্ত্রী