মানিকগঞ্জের সাটুরিয়ায় কিশোর-কিশোরীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত ‘প্রেম সড়কে’ অভিযান চালিয়ে দুটি টং দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দোকান দুটি ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির পাশে গড়ে ওঠা দোকান দুটিতে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সী কিশোরদের নিয়মিত আড্ডা বসত। স্থানীয়ভাবে জায়গাটি ‘প্রেম সড়ক’ নামে পরিচিত। দোকান দুটি ১৮ বছরের কম বয়সী কয়েকজন কিশোর পরিচালনা করত বলে জানা গেছে।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং কিশোরদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও মাদকের ঝুঁকি থেকে দূরে রাখার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের পর স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, উঠতি বয়সী তরুণ ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কিশোর অপরাধ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।