মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকার ওরফে মনা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসা ও সিটি স্ক্যানের জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোরঞ্জন কর্মকার উপজেলার লেছড়াগঞ্জ বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। যাত্রাপুর গ্রামে নিজের বাড়ির প্রায় ৩০০ গজ দূরত্বে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা ও কলেজশিক্ষক রাসেল মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলমের চাচাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মনোরঞ্জন কর্মকারকে আঘাত করে তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের রাস্তার পাশে রক্তের দাগ ও একটি কাঠের লাকড়ি পড়ে থাকতে দেখা যায়। তাঁকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, নাকি ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, মনোরঞ্জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। সিটি স্ক্যান করানোর প্রয়োজন হওয়ায় তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক বলেন, ‘আমরা থানার একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীর ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে ব্যাগে কোনো স্বর্ণ ছিল না। ঘটনাস্থলে রক্তের চিহ্ন ও নারকেলগাছের একটি বাইগরা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।