মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখড এলাকায় আকিজ স্কুলের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে গেলে দুই শিক্ষার্থী, এক নারী, ট্রাকের হেলপারসহ পাঁচজন আহত হন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক বিল্লাল হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করেছে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।