হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন। 

মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন। 

স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। 

রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’ 

ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়