মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে ছয়টি স্বর্ণের দোকানসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের একাধিক দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, হাউসদী বাজারে গৌতম মালোর শ্রীশ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা লুট করা হয়েছে। বিদ্যুৎ মণ্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা এবং এক লাখ টাকা লুট হয়েছে। পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় এক কেজি রুপা ও ৯৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। স্বদেব মণ্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে এক ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা লুট করা হয়। ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় সাত ভরি রুপা নিয়ে যায় ডাকাত দল।
এ ছাড়া পাশের জিয়া হাওলাদারের জিয়া স্টোর নামের একটি মুদিদোকান থেকেও প্রায় পাঁচ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ লুট হয়েছে।
স্থানীয় বাজারের ব্যবসায়ী এহসান আজগর বলেন, ‘আমাদের বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আটক করা হোক।’
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।