মাদারীপুরে বাচ্চু সরদার নামের এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘর থেকে ৩৭ হাজার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে আগামীকাল সোমবার দিনের মধ্যে জব্দ করা সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল বলেন, ভোজ্যতেলের বাজার অস্থির করতে ও অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুত করা তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।