লালমনিরহাটে মাদক মামলায় চারজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন, মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন এবং হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান ও তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুন হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় একটি ইজিবাইকসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে দীর্ঘ শুনানি শেষে আদালত ১০ বছর কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে আদেশ দিয়েছেন আদালত।’