হোম > সারা দেশ > কুড়িগ্রাম

দুধকুমারে বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

ভূরুঙ্গামারীতে খননযন্ত্রের মাধ্যমে দুধকুমার নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ছবিটি সম্প্রতি ইসলামপুরের সামাদের ঘাট এলাকা থেকে তোলা। আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে বালু উত্তোলন করায় নির্মাণাধীন তীর রক্ষা বাঁধসহ বসতবাড়ি ও ফসলি জমি ঝুঁকিতে পড়েছে। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় উপজেলার ইসলামপুরের সামাদের ঘাট এলাকায় তিনটি খননযন্ত্র দিয়ে নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলন বন্ধ করা না হলে বর্ষায় এলাকাটিতে ব্যাপক ভাঙন দেখা দেবে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলন বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানান তাঁরা।

জানা গেছে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ইসলামপুরের সামাদের ঘাট এলাকার দুধকুমার নদের তীরে ৫০০ মিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে। আইন অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। সব নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খননযন্ত্র মালিক জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীরা তীর রক্ষা বাঁধকে হুমকিতে ফেলে নদে বালু তুলে ব্যবসা করছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, প্রভাশালী মহলের ছত্রচ্ছায়ায় জাহাঙ্গীর, মাইদুল ও আসাদুল দীর্ঘদিন ধরে নদ থেকে বালু তুলে বিক্রি করছেন। তীর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। এতে ব্লক স্থানচ্যুত হয়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হবে।

জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের বাড়িভিটা উঁচু করার জন্য বালু তুলে দিই।’ বালু উত্তোলনের অনুমতি আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি। অবৈধ কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের সহায়তা চাইব।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় বক্তব্য জানা যায়নি। আর বদলির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানা-পুলিশের কিছুই করার নেই। বালু উত্তোলন বন্ধ কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে ইউএনও বা এসি ল‍্যান্ডের নির্দেশনার প্রয়োজন হয়।

২৫ বছরের জমানো টাকা দিয়ে সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন আব্দুল করিম

কুড়িগ্রামের দুই উপজেলায় জ্বালানি তেল বিক্রি বন্ধ

সকালে ‘নিখোঁজ’, রাতে বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ

কুড়িগ্রাম আইনজীবী সমিতি: নতুন সদস্যভুক্তির ফি আড়াই লাখ থেকে ৫ লাখ টাকা

সংস্কারকাজে ধীরগতি, প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

সরকারি প্রাইমারি স্কুল: গ্রিল-রেলিংবিহীন ভবন যেন শিশুদের মরণফাঁদ

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি ইটভাটার কিলন, ১৬ লাখ টাকা জরিমানা