কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের জন্য নাসরিন জাহান (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যান। গতকাল বুধবার রাতে উপজেলার ফকির মোহাম্মদ নামানির চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নাসরিন জাহানের সঙ্গে প্রায় তিন বছর আগে ওই এলাকার আলমগীর হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীর যৌতুকের জন্য স্ত্রীকে প্রায় সময় নির্যাতন করতেন। গতকাল বুধবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। স্বামীর বেধড়ক মারধরের একপর্যায়ে নাসরিন মারা যান। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁদের আড়াই বছর বয়সের ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
নাসরিনের বাবা নুর ইসলাম বলেন, ‘আলমগীর ও তার পরিবার প্রায় সময় যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করত। আমি বিচারের আশায় থানায় মামলা দেওয়ার জন্য এসেছি।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।