হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ: জলাবদ্ধতায় দুর্ভোগে চার গ্রামের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে চার গ্রামের মানুষসহ স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি নিষ্কাশনের কালভার্টের মুখে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে স্কুলে যাতায়াতের সড়ক, বসতবাড়ির আঙিনাসহ ফল-সবজির বাগান। এতে দুর্ভোগে পড়েছে চার গ্রামের মানুষসহ স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসনকে জানিয়েও মিলছে না দুর্ভোগের সমাধান।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সতিপুরি মৌজায় স্থানীয় সরকার বিভাগের ক্ষুদ্র পানি প্রকৌশল প্রকল্পের আওতায় প্রায় ৩০ বছর আগে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের ভেতরে রয়েছ প্রায় ১ হাজার একর আবাদি জমি, চারটি গ্রাম, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়ক। সড়কটি দিয়ে দুটি গ্রামের শিশু শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করে। পানি নিষ্কাশনের জন্য বাঁধটির পশ্চিম অংশে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। ছয় মাস আগে কালভার্টের মুখে মাটি ভরাট করে দুটি বাড়ি নির্মাণ করেছেন দুই ভাই সোনাউল্লাহ ও আমান উল্লাহ। তখন থেকে সামান্য বৃষ্টির হলেই এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় সতিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বিদ্যালয়ে আসা যাওয়ার সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। ছড়ারপাড় গ্রামের অনেক শিক্ষার্থীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া পানিতে আবদ্ধ হয়ে দুর্ভোগে পড়েছে ছড়ার পাড়, উত্তর সতিপুরি, দক্ষিণ সতিপুরি ও ব্যাপারীটারী গ্রামের মানুষ। অনেকের বাড়ির আঙিনায় পানি উঠেছে। বসতবাড়ির বাগানে পানি ওঠায় নষ্ট হচ্ছে ফসল ও গাছপালা। জলাবদ্ধতায় অনেক বাড়ির স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। এ ছাড়া সৃষ্ট জলাবদ্ধতায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় হাজার একর জমির আমন আবাদ।

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে চার গ্রামের মানুষসহ স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সতিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন, প্রায় পাঁচ মাস থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ে আসা যাওয়ার সড়ক ডুবে গেছে। একটি গ্রামের শিক্ষার্থীরা আসতে পারছে না। অপরদিকে বিদ্যালয়ের মাঠে পানি ওঠায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি দ্রুত নিরসন হওয়া দরকার।

স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, ‘কালভার্টটির মুখে বাড়ি নির্মাণ করায় চারটি গ্রামের মানুষ বিপদে পড়েছে। জমি তলিয়ে আছে। পানি না নামলে এসব জমিতে এ বছর আবাদ হবে না। পানিতে রাস্তা তলিয়ে গেছে। চলাচল কষ্ট হয়ে গেছে।’

কৃষক ওসমান গনি বলেন, ‘বাড়ির বাগানে পানি উঠে সুপারি গাছসহ সবজি নষ্ট হচ্ছে। আমন ধানের বীজতলাও নষ্ট হয়ে গেছে। পানি না নামলে এবার জমিত আবাদ করাও হবার নয়। প্রশাসনক জানায়েও কোনো কাজ হয় না।’

স্থানীয় গৃহবধূ মমেনা বেগম বলেন, ‘বাড়ির উঠান পর্যন্ত পানি উঠছে। বাড়ি থাকি বের হওয়া যায় না। টয়লেট পানিত ডুবে গেইছে। কেমন করি বসবাস করি!’

কালভার্টের মুখে বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমান উল্লাহ বলেন, ‘আমাদের আর কোনো জমি নাই। বাধ্য হয়ে এখানে দুই ভাই বাড়ি করছি।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি নিজে ওই স্থান পরিদর্শন করেছি। কালভার্টের মুখ খুলে দিতে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছি। তবে সুরাহা হয়নি। পরে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সুরাহা করতে বলে এসেছি।’

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা