হোম > সারা দেশ > কুড়িগ্রাম

সংস্কারকাজে ধীরগতি, প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌর এলাকায় সংস্কারকাজে ধীরগতির প্রতিবাদে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সড়ক সংস্কারে ধীরগতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আজ বুধবার কুড়িগ্রাম পৌর এলাকার জাহাজ মোড় ও হরিকেশ এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস আগে সড়ক সংস্কারের কাজ শুরু হলেও শেষ করা হচ্ছে না। কাজের ধীরগতিতে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে। ধুলা আর খানাখন্দে চলাচল করা কষ্টসাধ্য। পুরো এলাকা মারাত্মক দূষণের শিকার হচ্ছে।

জাহাজ মোড় এলাকার বাসিন্দা সঞ্জু মিয়া বলেন, ‘এমন খারাপ মানের ইট ব্যবহার করা হয়েছে যে, গাড়ির চাকা পড়লেই তা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন পুরো এলাকা লাল ধুলায় ঢেকে গেছে।

‘আমরা বাড়িতে ঠিকমতো বসবাস করতে পারছি না। ঘর, আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ—সব ধুলায় ছেয়ে গেছে। স্বাভাবিক শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের যেন কোনো দায় নেই। দ্রুত এবং মানসম্পন্ন কাজ বাস্তবায়নের দাবিতে আমরা আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’

পৌরসভার হরিকেশ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘ঠিকাদার প্রকাশ্যে নিম্নমানের কাজ করলেও পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা কমিশন নিয়ে চোখ বন্ধ করে আছে। মাসের পর মাস গেলেও কাজ শেষ করছে না। আমরা এই কাজ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানাচ্ছি।’

স্থানীয় হোটেল ব্যবসায়ী নুরজামাল বলেন, ‘ধুলার কারণে হোটেলে খাবার রাখা যাচ্ছে না। ক্রেতারা আসছে না, কর্মচারীরাও অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত কাজ শেষ না হলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংস্কারকাজের ঠিকাদার ইনসান আলী। তাঁর দাবি, রাস্তাসংলগ্ন ড্রেনের নির্মাণকাজ শেষ না হওয়ায় রাস্তার কাজ পুরোপুরি সম্পন্ন করা যাচ্ছে না। ড্রেনের কাজ শেষ হলেই দ্রুত সড়কের কাজ শেষ করা হবে। ধুলাবালি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

তবে পৌরসভার সিইও ফজলে রাব্বি বলেন, এলাকাবাসীর অভিযোগের সত্যতা রয়েছে। তাঁরা ধুলার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এ ছাড়া নিম্নমানের খোয়া ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফজলে রাব্বি বলেন, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে নিম্নমানের খোয়া সরিয়ে কাজ শুরু করতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

সরকারি প্রাইমারি স্কুল: গ্রিল-রেলিংবিহীন ভবন যেন শিশুদের মরণফাঁদ

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি ইটভাটার কিলন, ১৬ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল: চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতাল

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ: চিকিৎসক ও সরঞ্জাম-সংকটে ধুঁকছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের পুনর্বহালের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন

ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু ভাই

‘ভাই’ বলায় চটলেন এসি ল্যান্ড