কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রাম ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের লোকজন সংঘর্ষে জড়ান।
সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া চালান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ দিন আগে আতকাপাড়া ও ষোলরশি গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। পরে স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।
আজ বিকেলে আতকাপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মো. হেদায়েতুল্লাহ ছয়সূতি হাই স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে ষোলরশি গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
হেদায়েতুল্লাহকে মারধরের খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সন্ধ্যায় তাঁরা সংঘর্ষে জড়ান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভৈরব ও কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।