ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রহ্মপুত্র সেতুর পশ্চিম পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রায় ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তৎপরতা চালাচ্ছে ভৈরব হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পায় ভৈরব হাইওয়ে থানা-পুলিশ। খবর পেয়ে দ্রুত মহাসড়কের ব্রহ্মপুত্র সেতুর পশ্চিম পাশে মাহমুদাবাদ এলাকায় পৌঁছে এক অজ্ঞাতনামা বৃদ্ধকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো একসময়ে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন সূত্রধর বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
নিহত ওই বৃদ্ধের পরিচয় বা স্বজনদের সন্ধান পেলে ভৈরব হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।