ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন।
র্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদেরও সম্মিলিতভাবে খুলনা মহানগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি র্যালির উদ্বোধন ঘোষণা করেন।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে র্যালিটি নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাদিস পার্কে এসে শেষ হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ কেসিসির সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে সরাসরি সংযুক্ত ছিল।