হোম > সারা দেশ > খুলনা

রেলের ২০০ ব্রডগেজ কোচ আমদানি: নতুন কোচে চালু হতে পারে খুলনা ও পাবনাগামী সেবা

তৌফিকুল ইসলাম, ঢাকা

ফাইল ছবি

রেলওয়ের জন্য ভারত থেকে যে ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে তার প্রথম ধাপের ২০টি কোচ দেশে পৌঁছাতে পারে আগামী জুন মাস নাগাদ। আর প্রথম ধাপের কোচগুলো আসার পর দুটি নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—একটি ঢাকা-খুলনা এবং অন্যটি ঢাকা-পাবনা রুটে। নতুন কোচগুলো ব্রডগেজ কোচ হবে বলে সেগুলো শুধু ব্রডগেজ লাইনেই চলবে।

বর্তমানে রেলওয়ের অনেক ট্রেনে প্রয়োজনীয়সংখ্যক কোচ নেই। অনেক পুরোনো কোচের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন কোচ দিয়ে পুরোনো কোচ প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি তখন পুরোনো কোচগুলো ব্যবহার করে তুলনামূলক স্বল্পদূরত্বের কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। এ জন্য ‘বাংলাদেশ রেলওয়ে আধুনিকীকরণ প্রকল্প’-এর অধীনে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারত থেকে কোচগুলো আমদানির উদ্যোগ নেওয়া হয়। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এগুলো রেলওয়ের বহরে যুক্ত হতে পারে বলে সম্প্রতি জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বর্তমানে দেশে ব্রডগেজ লাইন মূলত রেলের পশ্চিমাঞ্চলে বেশি থাকায় নতুন কোচগুলো প্রধানত ওই অঞ্চলের ট্রেনে ব্যবহার করা হবে। প্রকল্প সূত্র জানায়, বর্তমানে ভারতের কারখানায় এগুলোর নির্মাণকাজ চলছে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, মোট ২০০ কোচ ১০ ধাপে দেশে আনা হবে। এ লক্ষ্যে ২০২৪ সালের ২০ মে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেডের সঙ্গে ক্রয় চুক্তি হয়েছে। তবে প্রকল্পটি শুরু হয় ২০২২ সালে। এ বিষয়ে রেলওয়ে সূত্র বলেছে, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে, যার ফলে চুক্তি করতে দেরি হয়েছে।

কোচগুলোর নকশা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এগুলো লাল-সবুজ রঙের হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোচগুলো হবে স্টেইনলেস স্টিলের তৈরি এবং দ্রুতগতিসম্পন্ন। এতে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে স্বয়ংক্রিয় এয়ার ব্রেক প্রযুক্তি, যা পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত।

এ বিষয়ে বিশদ জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সম্প্রতি আজকের পত্রিকাকে বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী জুন থেকে কোচ আসা শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০২৭ সালের মধ্যে সব কোচ দেশে চলে আসবে। ২০০ কোচ কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইআইবি যৌথভাবে এতে অর্থায়ন করবে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। পরে আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন করা হয়েছে।

রেলওয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৪২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। বিভিন্ন প্রকল্পের আওতায় নতুন ব্রডগেজ ও ডুয়েলগেজ রেললাইন স্থাপনের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে।

যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান রেলের নতুন কোচ আমদানির প্রকল্প বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু কোচ বাড়ালেই কাঙ্ক্ষিত সুফল মিলবে না। এর সঙ্গে সমন্বয় রেখে রেল অবকাঠামো, বিশেষ করে ব্রডগেজ লাইন সম্প্রসারণ, সিগন্যাল ব্যবস্থা ও অপারেশনাল দক্ষতা বাড়ানো জরুরি। বর্তমানে ব্রডগেজ লাইন মূলত পশ্চিমাঞ্চলকেন্দ্রিক হওয়ায় নতুন কোচের সুবিধা সীমিত অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে। প্রকল্প শুরু হওয়ার দুই বছর পর ক্রয়চুক্তি সম্পন্ন হওয়া বাস্তবায়ন প্রক্রিয়ায় ধীরগতির ইঙ্গিত দেয়। ভবিষ্যতে এ ধরনের বড় প্রকল্পে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সময়ের ব্যবধান কমানো প্রয়োজন।’

অধ্যাপক হাদিউজ্জামান মনে করেন, স্টেইনলেস স্টিল বডি, এয়ার ব্রেক ও এসি সুবিধাসহ আধুনিক প্রযুক্তির কোচগুলো রেলের যাত্রীসেবার মান বাড়াবে। তবে এসব কোচের যথাযথ রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং পরিচালনা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না হলে প্রত্যাশিত সুবিধা পুরোপুরি পাওয়া যাবে না।

যশোরবাসীর দীর্ঘদিনের ‘বঞ্চনার’ অবসান ঘটাতে রেলমন্ত্রীকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর চিঠি

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি, অবস্থা সংকটাপন্ন

ডা. বাবলু পুনর্বহাল না হলে খুলনার সব হাসপাতালে কর্মসূচির হুমকি ড্যাবের

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনায় যুবককে কুপিয়ে জখম

উপকূলে লবণাক্ততা ও দূষণ টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী