খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এবারের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও সহজতর করা এবং তাঁদের যাতায়াত ও আবাসন-সংক্রান্ত ভোগান্তি কমানোর লক্ষ্যে উল্লিখিত তিনটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।