হোম > সারা দেশ > খুলনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

আরমান ওরফে আরমিন ওরফে দীপু। ছবি: সংগৃহীত

খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর সদস্যরা।

আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের সূত্র জানায়, একাধিক হত্যা মামলার আসামি আরমান গত কয়েকদিনের পুলিশের তৎপরতায় খুলনা ছেড়ে ফরিদপুরের বোয়ালমারীতে পরিবারসহ অবস্থান নেয়।

উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে খুলনার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

দৌলতপুর থানায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। কিন্তু ভয়ে তার নামে কেউ কোনো মামলা করতে সাহস পায়নি। মসজিদের ভেতরে প্রবেশ করে মুসল্লিদের ওপর গুলির ঘটনায়ও সে জড়িত রয়েছে বলে জানা গেছে।