খুলনার পূর্ব রূপসায় মো. মেহেদী হাসান (২৬) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়ন দক্ষিণপাড়া আক্কাসের মোড়ে এই ঘটনা ঘটে।
মেহেদী হাসান খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মুসা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নৈহাটি ইউনিয়নের দক্ষিণপাড়া আক্কাসের মোড়ে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মোহেদী হাসান। এশার আজানের পর একটি মোটরসাইকেলে করে এসে দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করেন। গুলি তাঁর বাঁ পায়ের ঊরুতে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মীর বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। মাদক কারবারের দ্বন্দ্ব নিয়ে তাঁকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু আহত যুবক কোনো কথা পুলিশকে বলছেন না।