হোম > সারা দেশ > খুলনা

বটিয়াঘাটায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী এলাকায় প্রিমিয়ার মিলসের পশ্চিম পাশে নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীর পশ্চিম তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরবর্তীকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার বিবরণ দিয়ে রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি তিন-চার দিন আগের হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে তলব করা হয়।

আবুল খায়ের আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।