টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশের কয়েকটি স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হলে, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড গত রোববার থেকে মেরামত কাজ শুরু করেছে।
সওজ সূত্রে জানা গেছে, প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও কার্পেটিংয়ের কাজ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়। প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় সড়কের বিভিন্ন অংশ উন্নয়ন করা হয়।
অতিবৃষ্টির কারণে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশের কয়েকটি স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নজরে আসার পর সওজ বিভাগ কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
চুক্তির শর্ত অনুযায়ী এক বছরের ত্রুটিজনিত দায়বদ্ধতার আওতায় প্রতিষ্ঠানটি নতুন করে পাথর ও বিটুমিন দিয়ে ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে শ্রমিক ও প্রকৌশলীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরোদমে সংস্কারকাজ চালিয়ে যাচ্ছেন। মেরামত কাজ চলাকালেও যানবাহন সতর্কতার সঙ্গে চলাচল করছে।
স্থানীয় কয়েকজন দোকানি ও পারুলিয়া এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে সড়কের কিছু অংশে পিচ উঠে গিয়ে চলাচলে সমস্যা দেখা দিয়েছিল। তবে দ্রুত সংস্কারকাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং কাজটি টেকসইভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন।
জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঠিকাদারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বর্তমানে দ্রুতগতিতে মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে সড়কটি আরও নিরাপদ ও টেকসই হবে বলে আমরা আশা করছি।’