জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ দুজন। আহত চালক এনামুল হকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
নিহত নুরনবী উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের ইজিবাইকচালক এনামুল হক (৬০) ও যাত্রী সোহরাব আলী (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাজ শেষে এনামুল হকের ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ও দুই যাত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। গুরুতর আহত হন এনামুল ও সোহরাব।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে রয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।