হোম > সারা দেশ > ঝিনাইদহ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে নিয়েছেন বিএনপি সমর্থক সাইদুর রহমান ওরফে মন্টু। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের অভিযোগ উঠেছে সাইদুর রহমান ওরফে মন্টুর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিএনপির পরিচয় ব্যবহার করে তিনি সরকারি রাস্তার একটি অংশ দখলের চেষ্টা করেছেন। এই ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দবির উদ্দীন কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থল উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের মাঠ এলাকা। অভিযুক্ত সাইদুর রহমান ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তিনি একসময় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পরে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। সেই রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখলের চেষ্টা করছেন এখন।

ইউনিয়ন বিএনপির সভাপতি সান্টু কাজী বলেন, ‘একসময় সাইদুর রহমান বিএনপির সক্রিয় রাজনীতি করতেন। পরে তিনি বিএনপি থেকে সরে যান। নির্বাচনের সময়ে আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে তাঁকে বিএনপির কর্মী নয়, সমর্থক বলা যায়। তিনি রাস্তা দখলের যে অপকর্ম করেছেন, তার দায় বিএনপি নেবে না। তাঁরা দলের বদনাম করার জন্য এসব পরিচয় দিচ্ছেন।’

সরেজমিনে দেখা গেছে, পাঁচলিয়া গ্রামের বটতলা এলাকা থেকে উত্তরে ফসলের মাঠের দিকে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি ইটের সলিং রাস্তা রয়েছে। রাইয়ান জৈব কৃষি প্রকল্পের সীমানা পর্যন্ত বিস্তৃত এ রাস্তার উত্তর প্রান্তের প্রায় ৩০ ফুট অংশের অর্ধেক জায়গার ইট তুলে ফেলা হয়েছে। সেখানে মাটি কেটে পাশের জমির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে।

রাইয়ান জৈব কৃষি খামারের মালিক ড. নজরুল ইসলাম বলেন, ২০১৮ সালে তিনি ওই এলাকায় সাড়ে তিন একর জমি কেনেন। পরে সেখানে মুক্তা চাষ, মাশরুম, মাছ ও ফলদ গাছের সমন্বয়ে একটি কৃষি প্রকল্প গড়ে তোলেন। তাঁর দাবি, খামার প্রতিষ্ঠার বহু আগে থেকেই রাস্তাটি স্থানীয় জনগণের ব্যবহারের সরকারি রাস্তা ছিল। পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে রাস্তার ওপর ইটের সলিং করা হয়।

ড. নজরুল ইসলাম আরও বলেন, ‘চলতি বছরের ২০ এপ্রিল খামারে যাওয়ার সময় দেখি সাইদুর রহমান রাস্তার ইট তুলে পিলার বসিয়ে তারকাঁটার বেড়া দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসে বেড়া অপসারণ করে। কিন্তু পরে আবার রাস্তার মাটি কেটে নিজের জমির সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেন।’

এই ঘটনায় ৭ জুন দোড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দবির উদ্দীন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ২ নম্বর খতিয়ানের ৩২৩ নম্বর দাগভুক্ত জমিটি ইউনিয়ন পরিষদের মালিকানাধীন কাঁচা রাস্তা হিসেবে রেকর্ডভুক্ত। জনসাধারণের ব্যবহারের জন্য জমিটি রাস্তা হিসেবে সংরক্ষিত রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে সেখানে ইটের সলিং করা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, রাস্তার ইট তুলে ও মাটি কেটে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করা হয়েছে, যা ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগের বিষয়ে সাইদুর রহমান বলেন, ‘রাস্তার অর্ধেক অংশ আমার নিজের জমি। আমার আপত্তি থাকার পরেও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল কোনো কথা না শুনে জোর করে আমার জায়গার ওপর দিয়ে ইট বিছিয়ে সলিং রাস্তা তৈরি করে। বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েও কোনো সাড়া না পেয়ে নিজের জমি রক্ষার জন্য নিজেই ব্যবস্থা নিয়েছি।’

বিষয়টি নিয়ে দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘এটা বহু পুরোনো সরকারি রাস্তা। আগে মাটির রাস্তা ছিল, পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সলিং করা হয়। রাস্তার ইট তুলে গর্ত করা ঠিক হয়নি।’

কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা বলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদের এবং জনসাধারণ ব্যবহার করে। প্রথমে সেখানে বেড়া দেওয়া হয়েছিল, যা অপসারণ করা হয়। পরে আবার রাস্তার মাটি কেটে পাশের জমির সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহে পশু বিক্রি: দরপত্রে সাড়া নেই, ছয় হাট নেতাদের কবজায়