হোম > সারা দেশ > ঝালকাঠি

প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা চাইলেন ওসমান হাদির বোন মাসুমা

ঝালকাঠি প্রতিনিধি  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাদির বোন মাসুমা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটিতে সংবাদ সম্মেলন করে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর বোন মাসুমা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা কামনা করেছেন।

আজ সোমবার (৯ মার্চ) সকালে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুমা এ দাবি জানান।

মাসুমা জানান, তাঁর ছোট ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটের দিকে বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে রিকশাযোগে গন্তব্যে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন।

পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাসুমা অভিযোগ করেন, ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখনো আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল করতে পারেনি। এ ছাড়া ১২ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করার পর শুটার ফয়সাল করিম ও তাঁর সহযোগী আলমগীর কীভাবে ভারতে পালিয়ে যান, তা এখনো রহস্যজনক রয়ে গেছে।

মাসুমা আরও জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল রোববার (৮ মার্চ) ভারতে শুটার ফয়সাল করিম ও তাঁর সহযোগী আলমগীর গ্রেপ্তার হয়েছেন। তিনি দাবি করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচার করা হোক। একই সঙ্গে হত্যাকাণ্ডের নির্দেশদাতা, অর্থের জোগানদাতা ও শুটারদের পালাতে সহায়তাকারীদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

মাসুমা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করতে হবে। অন্যথায় দায়সারা চার্জশিট দেওয়া হলে তা পরিবারসহ দেশপ্রেমিক জনগণ প্রত্যাখ্যান করবে।

সংবাদ সম্মেলনে মাসুমা হাদি বলেন, বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা হলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শহীদ শরিফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী প্রমুখ।

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

নলছিটিতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত