যশোরের কেশবপুরে ধানখেতের সেচপাম্পের হাউসে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ পড়ে রয়েছে। তাঁদের বয়স আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।
পুলিশ বলছে, ফরেনসিক টিম এলে সুরতহাল তৈরি করা হবে।
আজ শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতের আইলের পাশ দিয়ে যাওয়ার সময় সেচের হাউসে অর্ধগলিত মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। তবে নিহত দুজনের কাউকেই এলাকাবাসী চিনতে পারেনি। পুরুষটির শরীরে গামছা জড়ানো এবং নারীর পরনে ম্যাক্সি রয়েছে। তাদের একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়ানো অবস্থায় দেখা গেছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পর লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না।