হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ, আহত ৪

­যশোর প্রতিনিধি

ভারতের পুশ ইন চেষ্টার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩ জুন) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে তাদের বহরে হামলা চালানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তির নেতা রুপম আহসান অর্ণব। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্য নেতারা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

হামলার ঘটনায় কারা জড়িত ও কী কারণে হামলা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, ‘বেনাপোলের সাদিপুর সীমান্তে কথিত পুশ ইন-চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ দুপুরে পরিদর্শনে যায়। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। এতে দলের চার নেতা আহত হন। নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এদিকে হামলার পর বহরের একটি গাড়ির ভাঙা জানালার কাচের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিন তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। চারজন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। তিনি বলেন, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ সঠিক নয়।

বেনাপোলে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ

স্ত্রী ও তিন সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ শহিদুল, শোকে স্তব্ধ গ্রাম

ভারতে বসবাসরত শতাধিক ‘বাংলাদেশিকে’ পুশ ইনের চেষ্টা, বেনাপোল সীমান্তে উত্তেজনা

বিমানবন্দরের নতুন চাকরিতে ফেরা হলো না জনির, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

চামড়া পাচারের শঙ্কায় বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

যশোরে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

খেজুরগাছে ৪ ঘণ্টা ধরে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার