হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।
আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বরে রাতে নবীগঞ্জ উপজেলায় একটি ধানি জমিতে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে কিশোরীর মরদেহ দেখতে পান।
পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলাটি পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।
মামলার তদন্তে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আদালতের নথি অনুযায়ী, খলিল উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।