গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তলসদৃশ বস্তু দেখিয়ে আতঙ্ক ছড়ানো এবং একই বস্তু দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে উদ্ধার করা বস্তুটি পরীক্ষা করে সেটি পিস্তলসদৃশ একটি লাইটার বলে নিশ্চিত হয় পুলিশ।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানায় শ্রীপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ইমন উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি রিপন মিয়া ও শামীমা দম্পতির ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সম্প্রতি ইমন একটি পিস্তলসদৃশ বস্তু প্রদর্শন করে ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করেন। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং পিস্তলসদৃশ একটি লাইটার।
পুলিশের দাবি, এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন। পাশাপাশি স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে যৌতুক দাবি ও নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘টিকটকে অস্ত্রসদৃশ লাইটার প্রদর্শন করে ভিডিও প্রচারের ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’