কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই একটি বাল্কহেডে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের ইসলামপুর-গাজীপুরের সামনের হাওরে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাল্কহেডের একটি ইঞ্জিন, ৫০ লিটার ডিজেল, সোলার প্যানেল, ব্যাটারি, গ্যাস সিলিন্ডার, তিনটি মোবাইল ফোন, ৬০ বস্তা সিমেন্ট ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।
ঘটনার পর আজ বুধবার ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ইটনা পুলিশের একটি দল।
জে আই ইমপ্যাক্ট লিমিটেডের সিনিয়র সেলস এক্সিকিউটিভ অফিসার বিএম কামরুজ্জামান জানান, সোমবার সকালে সিলেটের ছাতক সুপারক্রিট সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২ হাজার বস্তা সিমেন্ট নিয়ে একটি বাল্কহেড ইটনা বাজারের উদ্দেশ্যে পাঠানো হয়।
বিএম কামরুজ্জামান বলেন, জয়সিদ্দি বাজারের একজন ব্যবসায়ী জরুরি ভিত্তিতে তার অর্ডার করা ৫০০ বস্তা সিমেন্ট আগে দিতে বলেন। এরপর মাঝি জয়সিদ্দির উদ্দেশ্যে রওনা দেন। এলংজুরী ইউনিয়নের ইসলামপুর-গাজীপুরের সামনে পৌঁছে একটি চরে বাল্কহেডটি আটকা পড়ে। লোকবল সংকটের কারণে সেটি ছাড়ানো সম্ভব হয়নি। ফলে সেখানেই রাত্রিযাপন করেন তাঁরা।
বাল্কহেডের মাঝি সৈয়দুল ইসলাম বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাল্কহেডে উঠে মাঝি, ইঞ্জিনচালকসহ অন্যদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতরা হাতের কাছে থাকা সবকিছু বের করে দিতে বলে। পরে ডাকাতদল ৫০ লিটার ডিজেল, সোলার প্যানেল, ব্যাটারি, তিনটি মোবাইল ফোন, ৬০ বস্তা সিমেন্ট ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা তাদের টার্গেট অনুযায়ী নগদ টাকা ও জিনিসপত্র না পেয়ে বাল্কহেডের ইঞ্জিন পর্যন্ত খুলে নিয়ে গেছে।’
জয়সিদ্দি বাজারের ব্যবসায়ী মিয়া হোসেন জানান, পানি কম থাকায় সোমবার দিবাগত রাতে সিমেন্টবোঝাই বাল্কহেডটি চরে আটকে যায়। রাত হয়ে যাওয়ায় সেটি আর ছাড়ানো সম্ভব হয়নি। সকালে লোকজন নিয়ে অন্য ছোট নৌকায় আনলোড করে বাল্কহেডটি ছাড়িয়ে আনার পরিকল্পনা ছিল। তবে ঘুম থেকে উঠে ডাকাতির খবর পান বলে জানান তিনি।
মিয়া হোসেন বলেন, “নৌকা, লঞ্চ বহু কিছু ডাকাতি হতে শুনেছি, কিন্তু এভাবে ইঞ্জিন খুলে নিয়ে যাওয়ার কথা কখনো শুনিনি, দেখিওনি।’
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় এসেছেন। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।