হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাটের মালিকদের সতর্ক করল প্রশাসন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের প্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। ভাড়াটিয়ার বাসায় পরিবারের সদস্য নন—এমন বহিরাগত ব্যক্তি বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত পুলিশ কিংবা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষর করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা পরিবারের সদস্য নন—এমন কাউকে আশ্রয় দিলে অথবা কোনো বহিরাগত কিংবা অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা বা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

বাড়ি ও ফ্ল্যাট মালিকদের এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্দেশনাটিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা না মানায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার নিতে হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা যাতে এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। কালিয়াকৈরে এ আন্দোলনের প্রভাব বেশি পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার

আন্দোলনে কারখানা ছুটি, মাছ ধরতে গিয়ে নদে ডুবে শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা