হোম > সারা দেশ > গাজীপুর

ডুয়েট ক্যাম্পাস ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শিক্ষার্থীশূন্য ডুয়েট ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) একেবারে ফাঁকা হয়ে গেছে। প্রায় সব সাধারণ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার রাতেই গ্রামের বাড়ি চলে গেছেন। ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির পর গতকাল বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ বা ক্যাম্পাসে পুরোপুরি কার্যক্রম বন্ধ ঘোষণার পর আজ বুধবার একেবারে ফাঁকা হয়ে গেছে পুরো ক্যাম্পাস।

সরেজমিনে দেখা গেছে, প্রধান ফটকসহ পকেট গেটও বন্ধ। কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। তবে মোবাইল ফোনে শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল রাতেই বেশির ভাগ শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। যাঁদের বাড়ি অনেক দূরে, তাঁরা আজ বুধবার সকালে ক্যাম্পাস থেকে বের হয়েছেন। এ কারণে সকাল ৯টা পর্যন্ত পকেট গেট খোলা ছিল। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে বৈঠক করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

আজ বেলা ১১টার দিকে ডুয়েটের পাশে উপজেলা পরিষদের কার্যালয়ে এই বৈঠক হয় বলে জানান একাধিক শিক্ষক।

ডুয়েটের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ভিসি একাই মিটিং করেছেন। সেখানে অন্য কোনো শিক্ষক বা কেউ ছিলেন না। ভিসির বরাতে তিনি জানান, তাঁদের আলোচনা চলছে। তবে বলার মতো কোনো সমাধানে আসতে পারেননি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন ভিসি। শিক্ষকেরা ভিসিকে শিক্ষার্থীদের তিন দফা দাবি সম্পর্কে অবহিত করেন।

নবনিযুক্ত ভিসি শিক্ষকদের মাধ্যমে অনুরোধ করেছিলেন অন্তত আন্দোলনকারীদের সঙ্গে যেন একবার বসার সুযোগ দেওয়া হয়। সেই অনুরোধ রক্ষা করেছেন শিক্ষার্থীরা। তবে আজকের বৈঠকে কী আলোচনা হয়েছে, সেটা বলা যাচ্ছে না।

গতকাল বিকেলে পুরো ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান। লাল কার্ড ও ব্লকেড কর্মসূচির পর আন্দোলনের ষষ্ঠ দিনে ‘কমপ্লিট শাটডাউন ’ঘোষণা করা হয়।

আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা রয়েছে জানিয়ে শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছেন। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলন চলবে। এ সময় ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্ররাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ডুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, ভেতরের সবকিছু বন্ধ রয়েছে। কোনো কার্যক্রম চলছে না। আগামীকাল বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হবে।

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন: সপ্তম দিনেও অনড় শিক্ষার্থীদের একাংশ

ডুয়েটে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন

ডুয়েটে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ডুয়েটের মূল ফটকে তালা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ছাত্রদল-শিবির

ডাকাতির পর গাজীপুরের কসাইখানা থেকে উদ্ধার ৮ গরু

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

নতুন ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে সংঘর্ষ, ১০ শিক্ষার্থী আহত, পরিস্থিতি থমথমে

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল