গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
বৃহষ্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় গাজীপুর জেলা প্রশাসককের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় ইজি ওয়াশিং নামক একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীর মরকুন এলাকায় একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবাহ-উর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান চলমান থাকবে।